ভাইরাস ও জীবাণু ধ্বংস করবে রোবট

২৩ মার্চ, ২০২০ ০৯:৩৮  
অনুগ্রহ করে কক্ষ ত্যাগ করুন এবং দরজা বন্ধ করুন, কিছুক্ষণের মধ্যে ভাইরাস ধ্বংসের কাজ শুরু হবে। এসব কোনো দারোয়ান বা অফিস সহকারীর কথা নয়। হাসপাতালে রাখা রোবট ইংরেজিতে এসব কথা বলছে। নতুন করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার নেওয়ায় নানা পদক্ষেপ ও উদ্যোগ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যবহার হচ্ছে জীবাণুনাশক উপকরণ। এ কাজে গতি আনতে বাজারে আনা হলো জীবাণুনাশক রোবট। আলোকরশ্মি ব্যবহারে এটি জীবাণু ধ্বংস করে। ইউভিডি রোবট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সাইমন এলিস বলেন, এই রোবট চলবে স্বয়ংক্রিয়ভাবে এবং সংক্রমণ প্রতিরোধে চীনা ভাষায়ও আপনাকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পারে। ধ্বংস করবে বিভিন্ন রোগের ভাইরাস ও জীবাণু। তবে, এটি মানবদেহের জন্য ক্ষতিকর। তাই এটি চালু করে দিয়ে ঘর থেকে বেরিয়ে অপেক্ষা করতে হবে। ১০ থেকে ২০ মিনিটের মধ্যে এই রোবট তার কর্মসম্পাদন করবে। জীবাণু ধ্বংস করতে রোবটটি তার আলোকরশ্মি ব্যবহার করে।